রোববার পর্যন্ত ভারী বৃষ্টির আভাস, ১৫ জেলায় বন্যার শঙ্কা

- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেটসহ ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অনেক নিম্নাঞ্চল ও সড়ক, আর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু ও মাতামুহুরী নদী।
ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানিও দ্রুত বাড়ছে। পাশাপাশি ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচল অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব জেলার পাশাপাশি দেশের মোট ১৫টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।



















