রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী, বৈধতা মিলবে ১৬ আগস্ট

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ কি না, তা জানানো হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অন্যদিকে, অলি আহমেদের পক্ষে ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
ইসি সচিব বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজন।’
আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। এ কাজে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকেও একজন কর্মকর্তা থাকবেন।
আখতার আহমেদ জানান, ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষ হওয়ার পরই কোন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর বৈধ প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।



















