সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে দায়ের করা এই রিটের ফলে রাষ্ট্রপতি নির্বাচনের নির্ধারিত প্রক্রিয়া নিয়ে এখন নতুন করে আইনি প্রশ্ন তৈরি হলো। রিটের ওপর আদালতের সিদ্ধান্তের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।



















