৯২ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৩ সদস্যের কমিটি

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে কমিটি প্রয়োজনীয় সুপারিশ দেবে। এরই মধ্যে কমিটি কাজ শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতার কথা উল্লেখ করা হয়।
ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শিক্ষক এমন তৎপরতার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ৫৮ শিক্ষকের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাকি শিক্ষকদের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও একই কমিটি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।
তবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা হয়নি। কমিটির পর্যালোচনা ও সুপারিশের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।



















