প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের সম্মানি বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীত সরকারের সময়ে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও মানবসম্পদ উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তার ভাষায়, শুধু ভবন নির্মাণ করলেই হবে না; প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ এবং উপযুক্ত সম্মানি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকার শিক্ষকদের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে তাদের সম্মানি বাড়ানো হবে, যাতে তারা আর্থিক সংকটে পড়ে অন্য পেশায় যুক্ত হতে বাধ্য না হন এবং পুরো সময় শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় করতে পারেন।
শিক্ষাখাতে চলতি বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এ সময় সংসদ সদস্য শাম্মী আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশের সব এলাকায় বাস্তবায়ন করা হবে।
সংসদে চীনে কাঁঠাল রপ্তানির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক চীন সফরে এ বিষয়ে চুক্তি হয়েছে এবং বাংলাদেশের কাঁঠাল চীনের বাজারে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানিয়েছেন, দেশটি প্রতিবছর প্রায় ১ বিলিয়ন ডলারের ডুরিয়ান চীনে রপ্তানি করে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।



















