সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখতে দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সুষম শিক্ষা ও সৃজনশীল চর্চাই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংসদ ভবন পরিদর্শন করেন।
সংসদ ভবনে তারা স্থাপনাটির অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে জাতীয় সংসদের অধিবেশনও সরাসরি উপভোগ করেন।
এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















