ঘুষের অডিও ফাঁস, ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দুই কোটি ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বদলির অভিযোগসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝালকাঠির নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে পুলিশ সদর দপ্তরে তলব করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঝালকাঠিতে দায়িত্ব গ্রহণের মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে তাকে ঢাকায় ফিরে আসতে বলা হয়।
এর আগে, গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ট্যুরিস্ট পুলিশেও কর্মরত ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে হামিদ নামে এক ব্যক্তিকে বদরুল আলম মোল্লার সঙ্গে কথোপকথন করতে শোনা যায়। সেখানে বদলির জন্য দুই কোটি ১০ লাখ টাকার চুক্তির বিষয়ে বারবার ইঙ্গিত করা হয়।
অডিওতে হামিদ নামে ওই ব্যক্তি দাবি করেন, এক ‘বড় ভাইয়ের’ মাধ্যমে বদলির ব্যবস্থা করা হয়েছে এবং তিনি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তবে বদলির আদেশ জারির পর বদরুল আলম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানান বলেও কথোপকথনে উল্লেখ রয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ বদরুল আলম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনে সাড়া পাওয়া যায়নি।




















