যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

- সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
যশোর জিলা স্কুল মাঠে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং জিলা স্কুলের ১০ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী পাঁচ বছরে সৌরসহ নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ দূষণ কমাতে সরকার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতি গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের পুনর্গঠনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, তরুণদের যেন কোনোভাবেই বিপথে না যায়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, চলতি বাজেটে স্কুল পর্যায়ে ব্যবহৃত ইলেকট্রিক বাইকের ওপর শুল্ক শূন্য করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১৩ কোটি ৯ লাখ ৯২ হাজার ৩ টাকা ব্যয়ে যশোর জিলা স্কুলে ১০ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মো. আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মো. আব্দুস ছালাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
























