যশোরে র্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যশোরে র্যাব-৬ এর অভিযানে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মো. সোহেল পারভেজ (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরতলীর বড় ভেকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সোহেল পারভেজ ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর একেএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই বাড়িতে দুটি তক্ষক রাখা আছে। তথ্য যাচাই করে অভিযান চালিয়ে তক্ষক দুটি উদ্ধার করা হয় এবং সোহেল পারভেজকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা তক্ষক দুটি বন বিভাগের কাছে নিরাপদ হেফাজতের জন্য হস্তান্তর করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





















