শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা প্রতিমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চারটি মূল স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৭টিরও বেশি ধারার শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এসব ব্যবস্থার মধ্যে সমন্বয় করে একটি ন্যূনতম অভিন্ন মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমান দক্ষতা অর্জনের সুযোগ পায়।
তিনি আরও বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই শিক্ষা খাতের জন্য একটি সুস্পষ্ট দীর্ঘমেয়াদি রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এর লক্ষ্য হলো বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করা।
শিক্ষার চারটি স্তম্ভ—কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয়—নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ চাকরির উপযোগী প্রযুক্তি শিক্ষায় যুক্ত করার কথাও উল্লেখ করেন।
শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।”
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























