রবাসীর পাশে বিজিবি, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চরাঞ্চল আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উদ্যোগে প্রায় ৭০০ জন সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
রোববার সকাল ৯টা থেকে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ থাকায় বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, চরাঞ্চলে মানসম্মত চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। অনেক সময় সামান্য চিকিৎসার জন্যও নদী পেরিয়ে দূরের হাসপাতালে যেতে হয়। তাই এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে অনেকটাই বিচ্ছিন্ন এলাকা। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। তারা চরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবির এই উদ্যোগে উপকৃত হয়েছেন চরাঞ্চলের শত শত মানুষ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।





















