দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) বিকেলে সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বিদেশে অবস্থান করায় আদালত ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন।
সেই পরোয়ানার ভিত্তিতেই ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি এবং তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলছিল।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাব ও এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।
বেনজীরের গ্রেপ্তারের ঘটনায় এখন তার দেশে প্রত্যর্পণ এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





















