হামের ভয়াবহতা বাড়ছেই: ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৫৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ২৪৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা শিশুদের টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।





















