সিলেটে হামে শিশু মৃত্যুর মিছিল, বাড়ছে ডেঙ্গুর সংক্রমণও
- সংবাদ প্রকাশের সময় : ০২:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সিলেট বিভাগে একদিকে প্রাণঘাতী হাম (মিজলস) শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, অন্যদিকে বর্ষা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। দুটি রোগের দ্বিমুখী চাপে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে।
বুধবার (১০ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। জেলায় মোট ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৭ জন, সিলেটে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, নাগরিক অসচেতনতা এবং মশা নিধন কার্যক্রমের দুর্বলতা ডেঙ্গুর বিস্তারকে দীর্ঘায়িত করছে। তারা সতর্ক করে বলেছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গু মৌসুমি রোগের সীমা ছাড়িয়ে বছরজুড়ে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, মশারি ব্যবহার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়েছেন তারা।
এদিকে সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচ মাস বয়সী শিশু মুনজেরিন জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক হলেও বাকি ৬৭ জনই শিশু।
জেলা অনুযায়ী মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে, যেখানে ২৭ জন মারা গেছেন। এছাড়া সিলেটে ২৬ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৩ জন ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৫৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ১৪৪ জন, সিলেটে ৭৬ জন, হবিগঞ্জে ২৫ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।
স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হলে অতিরিক্ত আইসিইউ সুবিধা চালুর প্রস্তুতিও রাখা হয়েছে।





















