ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট খারিজ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর মাধ্যমে আলোচিত রিটটির কার্যক্রমের সমাপ্তি হলো।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত রোববার রিটের শুনানিতে আইনজীবী এম কে রহমান আদালতে বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দেশের বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কী ঘটেছে, তা তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যাতে কোনো নির্বাচিত সরকারকে উৎখাতের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্যই এ তদন্ত জরুরি।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, “যা কিছু ঘটেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, তা সরকার নির্ধারণ করবে।”
শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, তিনি বিষয়টি নিয়ে সরকারের নির্দেশনা নেবেন। পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।
























