ইজরায়েলের হামলায় খতম হামাসের সেনাপ্রধান
যুদ্ধ থামলেও গাজায় অভিযান জারি
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
গাজায় অভিযান চালিয়ে হামাসের শীর্ষ সামরিক নেতা ইজ আল দিন আল হাদ্দাদকে হত্যা করার দাবি করেছে ইজরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তারা।
শনিবার (১৬ মে) ইজরায়েল ডিফেন্স ফোর্স জানায়, শুক্রবার গাজা সিটিতে পরিচালিত এক বিমান হামলায় নিহত হন হামাসের সেনাপ্রধান ইজ আল দিন আল হাদ্দাদ। পরে হামাসও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন হাদ্দাদ। সেখানে বিমান হামলা চালানো হলে তিনি নিহত হন।
ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হাদ্দাদের। দীর্ঘদিন ধরেই তিনি ইজরায়েলের ‘হিট লিস্টে’ ছিলেন। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালে তিনি একাধিক ইজরায়েলি জিম্মিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন।
হাদ্দাদের মৃত্যুর পর গাজায় তার জানাজা ও শেষকৃত্যে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এতে নারী-শিশুসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইজরায়েলি হামলায় শত শত মানুষের প্রাণহানি হয়েছে। তাদের দাবি, সংঘর্ষ কমলেও সামরিক অভিযান পুরোপুরি থেমে নেই।


















