ঝোপের মধ্যে ১২ মামলার আসামি সাইদের গলাকাটা মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যশোরেয চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন ) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (২৩ জুন) রাতে ফোন পেয়ে সাইদ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এবং মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে ছিল। এরপর খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মিরাজুল ইসলাম বাংলা টাইমসকে বলেন, সাঈদ ওরফে চশমা সাইদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা রয়েছে। হত্যার নেপথ্যের কারণ এবং কারা হত্যা করেছে উদঘাটন পুলিশ কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায়, মাদক ব্যবসায়িক দ্বন্দ্ব , প্রতিদ্বন্দ্বীতা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ধরতে পারে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের পৃথক তিনটি টিম মাঠে কাজ করছে।

















