বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় তদন্ত কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অংশ নিতে না পারার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. একেএম অলি উল্লাহকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ নিতে না পারার পেছনের কারণ, প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্টদের ভূমিকা ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুপারিশও করবে তারা।
কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই এটিকে দেশের ক্রিকেট প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন।
তদন্ত কমিটি গঠনের পর নতুন করে আলোচনায় এসেছে দেশের ক্রিকেট প্রশাসনের জবাবদিহিতা ও ব্যবস্থাপনা প্রশ্ন। সংশ্লিষ্টদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে এলে ভবিষ্যতে জাতীয় দলের আন্তর্জাতিক অংশগ্রহণ আরও সুশৃঙ্খল হবে।
উল্লেখ্য, এর আগে বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে অনিয়মের অভিযোগ ওঠার পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


























