গরমে বাড়ছে চোখের সমস্যা, শুধু মোবাইল নয় দায়ী আরও ৫ কারণ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
চোখে জ্বালা, চুলকানি বা পানি পড়লেই অনেকেই অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের দিকে আঙুল তোলেন। তবে বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে চোখের অস্বস্তি বাড়ার পেছনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি, ধুলাবালি ও দূষণের কারণে চোখের অ্যালার্জি ও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
অ্যালার্জিক কনজাঙ্কটিভাইটিস
গরম ও ঋতু পরিবর্তনের সময় বাতাসে ধুলাবালি, পরাগরেণু ও দূষণের মাত্রা বেড়ে যায়। এসব কারণে চোখে অ্যালার্জি হতে পারে। এতে চোখ লাল হওয়া, ফুলে যাওয়া, চুলকানি ও অতিরিক্ত পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ, এ অবস্থায় বারবার চোখ ঘষা থেকে বিরত থাকতে হবে।
ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ
অ্যাডিনোভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস কিংবা কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও চোখে জ্বালা, ব্যথা ও পানি পড়ার সমস্যা হতে পারে। গরমের সময়ে এসব সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কাও বেশি থাকে।
কনট্যাক্ট লেন্স ব্যবহারে অসতর্কতা
দীর্ঘ সময় লেন্স পরে থাকা, লেন্স পরে ঘুমিয়ে পড়া বা মেয়াদোত্তীর্ণ সলিউশন ব্যবহার করলে কর্নিয়ার ক্ষতি হতে পারে। এতে জীবাণু সংক্রমণ ও চোখের প্রদাহের ঝুঁকি বাড়ে।
চোখের মেকআপ থেকেও হতে পারে সমস্যা
কাজল, আইলাইনার, মাসকারা বা নকল আইল্যাশের মতো প্রসাধনী থেকেও চোখে অ্যালার্জি হতে পারে। বিশেষ করে গরমে মেকআপ গলে চোখে ঢুকে গেলে সংক্রমণ বা জ্বালাপোড়া বাড়তে পারে। তাই ঘুমানোর আগে চোখের মেকআপ ভালোভাবে পরিষ্কার করা জরুরি।
ঘরের বাতাসও হতে পারে কারণ
এসি বা সেন্ট্রাল কুলিং সিস্টেমের কারণে ঘরের বাতাস শুষ্ক হয়ে গেলে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এতে চোখে জ্বালা বা শুষ্কতার সমস্যা দেখা দিতে পারে। অপরিষ্কার এসির ফিল্টার থেকেও অ্যালার্জি বাড়তে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, চোখে দীর্ঘদিন অস্বস্তি থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, চোখ পরিষ্কার রাখা এবং ধুলাবালি এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।


























