টানা ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (৯ মে) একই সময় পর্যন্তও দেশের এসব বিভাগে অনুরূপ আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
রোববার (১০ মে) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সোমবার (১১ মে) আবারও দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে।


























