অর্থ আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
মো. হাবিবুল ইসলাম বাবলু-কে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শহরের আমতলা এলাকায় এক রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হুমায়ুন কবির রেজা।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, চেয়ারম্যানকে জড়িয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ধরনের অর্থ আত্মসাৎ বা চেক জালিয়াতির সঙ্গে জড়িত নন। বিষয়টি প্রকাশের আগে তার সঙ্গে যোগাযোগ করা হলে প্রকৃত তথ্য জানা যেত বলেও উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সংবাদে ব্যবহৃত স্বাক্ষরটি চেয়ারম্যানের নয়; একটি মহল ভুয়া কাগজপত্র তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক, মানসিক ও পেশাগত ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ অনাকাঙ্ক্ষিত। প্রতিহিংসাবশত একটি পক্ষ এসব অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চেয়ারম্যানকে স্বল্প সময়ের জন্য আটক করা হলেও পরে তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পান এবং বর্তমানে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

















