খাওয়ার পর এলাচ চিবালে কী উপকার? জেনে নিন সহজ স্বাস্থ্যসমাধান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
খাবারের পর পেট ভারী লাগা, গ্যাস, বুকজ্বালা বা মুখে দুর্গন্ধ—এসব সমস্যা এখন অনেকেরই নিত্যসঙ্গী। অনিয়মিত খাবার, অতিরিক্ত তেল-মশলা ও ব্যস্ত জীবনযাত্রার কারণে হজমের সমস্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের পর একটি এলাচ চিবানোর অভ্যাস এসব সমস্যার সহজ প্রাকৃতিক সমাধান হতে পারে।
সবুজ এলাচে সিনিওল, লিমোনিন, টেরপিন ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ থাকে, যা হজম প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এলাচ চিবালে হজমে সহায়ক এনজাইমের কার্যকারিতা বাড়ে। ফলে খাবার দ্রুত হজম হয় এবং পেটের ভারী ভাব কমে।
যাদের গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের জন্যও এলাচ উপকারী। এটি পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং বুকজ্বালা বা টক ঢেকুরের প্রবণতা কমাতে পারে।
মুখের স্বাস্থ্যের ক্ষেত্রেও এলাচ কার্যকর। এর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের ক্ষতিকর জীবাণু কমায়, ফলে খাবারের পর মুখের দুর্গন্ধ দূর হয় এবং শ্বাস সতেজ থাকে। এ কারণে অনেক আয়ুর্বেদিক চিকিৎসায় এলাচকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করা হয়।
এছাড়া এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে, যা দীর্ঘমেয়াদে হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি বিপাকক্রিয়াও সক্রিয় রাখতে সাহায্য করে।
তবে এলাচ খাওয়ার ক্ষেত্রে পরিমিতি জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, খাবারের ২০–২৫ মিনিট পর একটি এলাচ চিবানোই যথেষ্ট। অতিরিক্ত খেলে মুখে জ্বালা, কাশি বা পেটের সমস্যা হতে পারে। যাদের পিত্তথলিতে পাথর রয়েছে, গর্ভবতী নারী বা যারা নিয়মিত ওষুধ সেবন করেন, তাদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রতিদিন নিয়ম করে নয়, বরং প্রয়োজন অনুযায়ী বা সপ্তাহে কয়েকদিন এই অভ্যাস করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়।























