জুলাই শহীদের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে? মায়ের অভিযোগ

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের অনুদানের টাকা দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শহীদ শাহরিয়ারের মা মমতাজ বেগমের অভিযোগ, ছেলের অনুদানের টাকা থেকে প্রায় সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার কিনে দ্বিতীয় বিয়ে করেছেন তার স্বামী। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং নিজের সামর্থ্যেই বিয়ের খরচ বহন করেছেন।
জানা গেছে, আব্দুল মতিন ও মমতাজ বেগমের বিয়ে হয় ২০০৪ সালের ৭ নভেম্বর। দীর্ঘ ২২ বছরের সংসারে তাদের একমাত্র ছেলে ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন। তাদের ১০ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।
শেখ শাহরিয়ার ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকায় ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, গত ২৯ মে আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেন। বিয়েতে ৭ লাখ টাকা কাবিন ও প্রায় সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
মমতাজ বেগম অভিযোগ করে বলেন, “সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আমার অনুমতি ছাড়া তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। শহীদ পরিবারের জন্য দেওয়া অনুদানের টাকা ব্যবহার করা হয়েছে কি না, সেটার তদন্ত হওয়া দরকার।”
তিনি আরও অভিযোগ করেন, শহীদ পরিবারের জন্য দেওয়া এককালীন ৩০ লাখ টাকা উত্তোলনের জন্য তার স্বামী স্বাক্ষর জালিয়াতির চেষ্টা করেছিলেন। এছাড়া ছেলের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগও করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন বলেন, “বংশ রক্ষার জন্য এবং মায়ের অনুরোধে আমি দ্বিতীয় বিয়ে করেছি। প্রথম স্ত্রী আমাকে অনুমতি দিয়েছিলেন। ছেলের অনুদানের টাকা দিয়ে বিয়ে করার প্রয়োজন নেই, আমার নিজের আয় রয়েছে।”
তিনি আরও বলেন, তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।
এদিকে জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
















