নিরাপত্তাশঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানী অভিমুখী কোনো বাস ছেড়ে যায়নি। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে আসা যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। তবে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস চলাচল করছে না। গন্তব্যে যাওয়ার আশায় টার্মিনালে এসেও বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। তবে বরিশাল ও অন্যান্য অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।
পরিস্থিতি বিবেচনায় সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। ঢাকাগামী বাসগুলো শনিবার রাতেই ছেড়ে গেছে। বিভিন্ন স্থান থেকে কিছু বাস বরগুনায় আসছেও। তবে নিরাপত্তার কারণে রোববার রাজধানীর সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, গাড়ি ভাঙচুর কিংবা আগুন দেওয়ার আশঙ্কায় বাসমালিকরা নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের কিছু করার নেই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালেও পুলিশ মোতায়েন করা হয়েছে।























