লকডাউন-সেনা মোতায়েনের ভাবনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন জারি বা সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।
রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত তৃতীয় সভায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি।
ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাহিনীগুলোর নিয়মিত কার্যক্রমেরই অংশ। যেকোনো পরিস্থিতিতে তারা সতর্ক থাকে এবং প্রয়োজন বুঝে দায়িত্ব পালন করে।
দেশে লকডাউন জারি কিংবা নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পরিকল্পনা নাই।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা আছে কি না, জানতে চাইলে তাঁর জবাব, ‘কোনো শঙ্কা নেই।’
শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে একজনের প্রাণহানির বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এখনো বিস্তারিত তদন্ত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।





















