আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আগেরবারও নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ নিয়ে আইসিইউতে ছিলেন; সুস্থ হয়ে দেশে ফিরে আবার অভিনয়ে যুক্ত হয়েছিলেন বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব
বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের একাধিক সদস্য তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মামুনুর রশীদ। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাঁরা জানাননি।
এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবার অভিনয়ে যুক্ত হন। তবে নতুন করে তাঁর আইসিইউতে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছে ভক্ত, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনে।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন তিনি। ১৯৭২ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
১৯৬০-এর দশকে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর নাট্যচর্চাকে এগিয়ে নিতে গড়ে তোলেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।



























