কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ব্যালট পেপারে হবে ভোট, মনোনয়নপত্র বাছাই ৭ ডিসেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, আসনটির সংসদ সদস্য পদত্যাগ করায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি—উভয় পদ্ধতি কার্যকর থাকবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। পরদিন ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইসি সচিব জানান, এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।





















