চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইসলামপুরে ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ; অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের, অপেক্ষা ন্যায্যমূল্যের
ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে এখন সবুজের সমারোহ। সারি সারি বেগুন গাছে বাড়ছে নতুন পাতা, ডালপালা। কোথাও গাছে ধরতে শুরু করেছে বেগুন। অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের পরামর্শে এবার ভালো ফলনের স্বপ্ন দেখছেন জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষকেরা। তাঁদের কাছে বেগুন শুধু একটি সবজি নয়, সংসারের স্বচ্ছলতা ফেরানোর অন্যতম ভরসা। তাই স্থানীয়ভাবে বেগুন গাছের নামই হয়ে উঠেছে ‘টাকার গাছ’।
‘কাঁসা, বেগুন ও গুড়’—এই তিন পণ্যের ঐতিহ্যে পরিচিত ইসলামপুর। বিশেষ করে এ অঞ্চলের বেগুনের স্বাদ ও পুষ্টিগুণের কারণে দেশের বিভিন্ন এলাকায় এর চাহিদা রয়েছে। সেই বাজারের চাহিদাকে সামনে রেখে প্রতিবছরই চরাঞ্চলের কৃষকেরা বেগুন চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুরে বারি-১ জাতের বেগুনের আবাদ বেশি হয়। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে। প্রতি একর জমিতে অন্তত ১৫ মেট্রিক টন ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
কৃষকদের ভাষ্য, এ বছর বন্যা ও বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় বেগুনের ক্ষেত ভালো রয়েছে। লক্ষ্মীপুর গ্রামের কৃষক হাছেন আলী বলেন, বন্যা ও বৃষ্টি কম হওয়ায় এবার বেগুনের গাছ বেশ ভালো হয়েছে। গাছের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছেন তাঁরা।
পোড়ার চর গ্রামের কৃষক হুসেন আলী জানান, স্থানীয়ভাবে বেগুনের ক্ষেতকে বলা হয় ‘টাকার ক্ষেত’, আর বেগুন গাছকে ‘টাকার গাছ’। কারণ, ভালো ফলন ও ন্যায্য দাম পেলে এই ফসল থেকেই কৃষকের ঘরে অর্থ আসে।
কৃষক হারুন সরকার বলেন, এ বছর গাছের অবস্থা দেখে ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি। তবে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে ন্যায্যমূল্য পাওয়া জরুরি। তাঁর মতে, বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরবর্তী কৃষি মৌসুমের জন্যও বিনিয়োগ করা সম্ভব হবে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য বেশ উপযোগী। এ কারণে কৃষকেরা লাভজনক এই ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, উৎপাদন ভালো হলে কৃষকের আয় বাড়বে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।





















