ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
৩০ কোটি ৯২ লাখ বই ছাপার কাজ চলছে; প্রাথমিকে ৯৮ ও মাধ্যমিকে ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলা পর্যায়ে
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার সঙ্গে এবার যুক্ত হচ্ছে নতুন বই পাওয়ার আনন্দ। আগামী ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্য সামনে রেখে বই ছাপা থেকে শুরু করে বাঁধাই, মান যাচাই ও উপজেলা পর্যায়ে সরবরাহ—সব কার্যক্রমে গতি বাড়িয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সরকারের লক্ষ্য, ফল প্রকাশের দিন যেন কোনো শিক্ষার্থী নতুন বই পাওয়া থেকে বঞ্চিত না হয়। ইতিমধ্যে প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশ বই উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছে গেছে। এনসিটিবি আশা করছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
৩০ কোটি বই নিয়ে বিশাল কর্মযজ্ঞ
এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন বলছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপা হচ্ছে ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই। এর মধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং মান যাচাই বা পিডিআই শেষ হয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশের।
মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ছাপা হচ্ছে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই। এ পর্যন্ত ৮৮ দশমিক ১৩ শতাংশ বইয়ের মুদ্রণ, ৮৬ দশমিক ১৮ শতাংশের বাঁধাই এবং ৮৩ দশমিক ২১ শতাংশের মান যাচাই সম্পন্ন হয়েছে।
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপা হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।
অন্যদিকে ইবতেদায়ি স্তরে ছাপা হচ্ছে ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বই। এ স্তরে মুদ্রণ, বাঁধাই ও মান যাচাইয়ের অগ্রগতি যথাক্রমে ৯৭ দশমিক ৩১, ৯৪ দশমিক ২৭ ও ৯৩ দশমিক ১ শতাংশ।
১৬ ডিসেম্বরের লক্ষ্য থেকে কেন সরে আসা
শুরুতে ১৬ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সূচির কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এখন ফল প্রকাশ ও বই বিতরণ একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা চেয়েছিলাম ১৬ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে। কিন্তু আগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তাই ২৪ ডিসেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ওই দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।’
মন্ত্রী জানান, এবার বড় কোনো অনুষ্ঠান করে বই উৎসব আয়োজনের পরিকল্পনা নেই। অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে স্কুলগুলোকে ফল প্রকাশের দিনই বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বই ছাপা ও সরবরাহের কাজ এগোচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার আশা করছেন তাঁরা। বইয়ের মান নিশ্চিত করতেও নজরদারি অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের জন্য একই দিনে দুটি অপেক্ষার অবসান ঘটানোর প্রস্তুতি চলছে—একদিকে বার্ষিক পরীক্ষার ফল, অন্যদিকে নতুন শ্রেণির নতুন বই। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে নির্ধারিত সময়ের মধ্যে বাকি বই ছাপা, বাঁধাই, মান যাচাই ও সরবরাহ শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
























