লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, ‘আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’
ডিবি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। তাঁর বাড়ি যশোরের কেশবপুরে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
আজিজুল ইসলাম একসময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি ডিবি পুলিশ।



























