মেয়ের বাড়ি থেকে ফেরার পথেই প্রাণ গেল মায়ের

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক ও তাঁর সঙ্গে থাকা শাকিলকে আটক করেছে পুলিশ।
নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আটক দুজন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার বিকেলে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন নুর বানু। সোমবার দুপুর ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক মোটরসাইকেলচালক ও তাঁর সঙ্গীকে থানায় নিয়ে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আটক দুজনকে থানায় আনা হয়েছে।























