নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান; বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে আদালতে আবেদন
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজের স্বাক্ষরিত আবেদনে মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। আবেদনে সংস্থাটি উল্লেখ করে, সংশ্লিষ্ট ব্যক্তি ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান দীর্ঘায়িত কিংবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অনুসন্ধানের স্বার্থে মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদ লিমিটেডের তৎকালীন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে মো. মোতাছিম বিল্লাহকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।























