বাংলাদেশে আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস: রাজনাথ সিং

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস—এমন অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজনাথ সিংয়ের দাবি, কংগ্রেস ও তাদের মিত্ররা তরুণদের বিক্ষোভকে রাজনৈতিক সংঘাত সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শুক্রবারের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত পরিবেশনের জন্য সিজেপির ১১ সদস্যের একটি দলকে সেন্ট্রাল পার্কে নির্দিষ্ট স্থান বেছে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কনট প্লেস ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। এ নির্দেশনা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।
পুলিশের এ অবস্থানের প্রতিবাদে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সাধারণ মানুষকে বিকেল ৫টায় দলে দলে জাতীয় পতাকা হাতে সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনে বাধা সৃষ্টি করা হলে প্রয়োজনে ১০০টি স্থানে কর্মসূচি পালন করবে সিজেপি।
ভারতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে রাজনাথ সিংয়ের অভিযোগ এবং দিল্লিতে সিজেপির কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
























