ইটভাটার পাশে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশচন্দ্র (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীর ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত যতীশচন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহলবাড়ি এলাকার আলী ইটভাটার পাশ দিয়ে চলাচলের সময় স্থানীয় লোকজন এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের লোকজন জড়ো হন। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই যুবক কীভাবে সেখানে গেলেন, কীভাবে তাঁর মৃত্যু হলো কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ময়নাতদন্তের তথ্য ও পুলিশের তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।























