যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে, যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
পরপর পাঁচটি বিস্ফোরণ
ওসি রাজু আহমেদ জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক বিল্লাল আহত হন।
আহত বিল্লাল ভোলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার শহিদের ছেলে।
ওসি বলেন, ‘ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
আগের রাতেও বিস্ফোরণ
এর আগে শুক্রবার রাতেও যাত্রাবাড়ী এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও একজন রিকশাচালক আহত হন।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


























