আদমদীঘিতে বাবাকে বাঁচাতে গিয়ে সাংবাদিকসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তিন নারীসহ চারজনের বিরুদ্ধে। বাবাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তাঁর ছেলে সাংবাদিক ফিরোজ হোসেনও।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আহত সাংবাদিক ফিরোজ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ফিরোজ হোসেন দৈনিক মানবজমিনের আদমদীঘি উপজেলা প্রতিনিধি এবং সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
বেড়া দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ
লিখিত অভিযোগে ফিরোজ হোসেন জানান, ঘটনার সময় তাঁদের বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ চলছিল। এ সময় প্রতিবেশী আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তাঁর বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
তাঁর বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর বাবার মাথায় রক্তাক্ত জখম হয়।
বাবার চিৎকার শুনে তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে ফিরোজ হোসেনকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর মাথায়ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রাণনাশের হুমকির অভিযোগ
অভিযোগে আরও বলা হয়, স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সাংবাদিক ফিরোজ হোসেন, তাঁর বাবা ও পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ফিরোজ হোসেন। অভিযুক্তরা হলেন—আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম কুমারপাড়ার সাথী বেগম (৩০), বিহিগ্রাম ওস্তাদপাড়ার আসমা বেগম (৪৭), নওগাঁর রাণীনগর উপজেলার বোহার গ্রামের রুজিনা আক্তার (৩৮) এবং বিহিগ্রাম কুমারপাড়ার আব্দুর রহমান (৬০)।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’























