কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফলে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।



















