হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায়! পিকআপসহ চালক আটক

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকআপভর্তি ওষুধসহ এক চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে খবর দিলে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও পিকআপটি থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, রাতে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ নিয়ে যমুনার তীরে আসেন চালক। নদীতে ওষুধগুলো ফেলার প্রস্তুতির সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা গাড়িটি আটকে পুলিশকে খবর দেন।
আটক চালক ও পিকআপের মালিক আজমত দাবি করেন, পিকআপভর্তি ওষুধগুলো ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস বা ফেলে দেওয়ার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আজমতের ভাষ্য, এর আগেও একইভাবে হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলার দায়িত্ব পেয়েছিলেন তিনি। তখন ঘাটাইলের বনাঞ্চলের গভীরে নিয়ে সেগুলো ফেলে দেওয়া হয়েছিল। এবারও একই উদ্দেশ্যে ওষুধগুলো নিয়ে যমুনার তীরে এসেছিলেন বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্থানীয়দের হাতে আটক পিকআপভর্তি ওষুধ ও চালককে থানায় রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















