মাভাবিপ্রবিতে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল (IQAC) কনফারেন্স রুমে IQAC-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকরা অংশ নেন।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সময়ভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। BAC-এর নির্ধারিত মানদণ্ড পূরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রয়োজনীয় একাডেমিক নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে।
উপাচার্য আরও জানান, মাভাবিপ্রবিতে রোবটিক্স, ট্রিপল-ই (EEE), আর্কিটেকচার ও ভাষাসহ আরও আধুনিক ও সময়োপযোগী বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। এসব বিষয়ে ইউজিসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোর সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন উপাচার্য।
প্রশিক্ষণে IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির CLO/PLO সংশোধন, CLO অর্জন নিশ্চিতকরণে মূল্যায়ন কৌশল এবং কোর্স আউটলাইন প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেন।
IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলামের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং কোর্স আউটলাইন প্রস্তুতির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন। এছাড়া IQAC-এর অতিরিক্ত পরিচালক ড. মো. খায়রুল ইসলাম কোর্স ফাইল প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেন।
দিনব্যাপী আয়োজনে অ্যাক্রেডিটেশনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা, কোর্স আউটলাইন, কোর্স ফাইল সংরক্ষণ, CLO/PLO সংশোধন, মূল্যায়ন কৌশল এবং গুণগত নিশ্চয়তা (QA) কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দুপুরের বিরতির পর কোর্স আউটলাইন প্রস্তুতের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে প্রশ্নোত্তর, গুণগত নিশ্চয়তা (QA) সেশন এবং সমাপনী পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়।

























