যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ বছরের শেষ দিকে সম্ভব না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কৃষি খাতের বিষয়ে মন্ত্রী জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। একই সঙ্গে রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জনগণের ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব ও জনমুখী। যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে আখ্যা দেন, তাদের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
এর আগে সকালে মির্জা ফখরুল বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















