সাইবার সুরক্ষা আইনের মামলায় আটক সাংবাদিক হাফিজুর রহমান

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঢাকা প্রতিদিন-এর সম্পাদক মঞ্জুরুল বারী নয়ন সাংবাদিক এইচ আর শফিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার ও সহকর্মীদের দাবি, মঙ্গলবার এইচ আর শফিক ফায়ার সার্ভিসে কথিত সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত ওই প্রতিবেদন প্রকাশের পরপরই তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয় এবং পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়ে অবিলম্বে এইচ আর শফিকের মুক্তি দাবি করেছে। সংগঠনগুলোর মতে, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে এভাবে আটক করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা আটক করা মুক্ত গণমাধ্যমের চর্চার পরিপন্থী এবং এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা। তারা এইচ আর শফিকের নিঃশর্ত মুক্তি, দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় কোনো ধরনের অসদাচরণ হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, সম্প্রতি ফায়ার সার্ভিসে নিয়োগ-সংক্রান্ত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সিরাজগঞ্জে সিহাব নামে এক গাড়িচালকের আত্মহত্যার ঘটনাও আলোচনায় আসে। সংবাদে দাবি করা হয়, নিয়োগ বাণিজ্যে এক পরিচালকের বিরুদ্ধে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের জেরে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

























