প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বৈঠক

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে টেক্সটাইল খাতের সার্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় করা হয়েছে।
এ সময় বিটিএমএর নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে শিল্পের টেকসই উন্নয়নে সরকারের নীতিগত ও কার্যকর সহায়তা কামনা করেন। পাশাপাশি রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি খাতটির উন্নয়ন ও বিকাশে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা এবং দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপ-প্রেস সচিব।
সাক্ষাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়াসহ আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।




















