বিএনপির জোটে ক্ষমতার সমীকরণ, সরকার পরিচালনায় অংশ নিতে চান শরিকরা

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সরকার পরিচালনায় আরও সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকার গঠনের পাঁচ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, জোটের ভবিষ্যৎ এবং সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা এবং কেউ কেউ ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এসব দলের নেতারা জানান, সরকার গঠনের পর জোটসঙ্গীদের সঙ্গে প্রত্যাশিত মাত্রায় সমন্বয় হয়নি। তাই রাজনৈতিক অংশীদার হিসেবে সরকার পরিচালনার বিভিন্ন কর্মকাণ্ডেও তাদের সম্পৃক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।
গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সরকার ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে আগে যেভাবে জোটসঙ্গীদের আমন্ত্রণ জানানো হতো এবং মতামত দেওয়ার সুযোগ দেওয়া হতো, এখন তা আগের মতো নেই। অতীতের মতো সরকার পরিচালনার ক্ষেত্রেও জোটসঙ্গীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক চেয়ারম্যান এহসানুল হুদা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে জোটের শরিকদের মূল্যায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈঠকে কিছু দলের প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়ও উঠে এসেছে। তবে প্রধানমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের যথাযথ জবাব দেওয়ার ক্ষেত্রেও আরও কার্যকর ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শরিক দলগুলোর নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে জোটের সব অংশীদারকে সম্পৃক্ত রেখেই সরকার এগিয়ে যাবে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের অপপ্রচার মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।






















