এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঢাকার সড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে চার ধরনের ট্রাফিক অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়ার দাবি করে এবার সিট বেল্ট না বাঁধা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে এআই ক্যামেরার মাধ্যমে উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য, জেব্রা ক্রসিং না মানা এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিং—এই চার ধরনের অপরাধ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের দাবি, এতে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, উল্টো পথে গাড়ি চালানোকে সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে সিট বেল্ট ব্যবহার না করা এবং গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলাকেও এআই ক্যামেরার আওতায় এনে মামলা করা হবে।
বর্তমানে রাজধানীর ১৬টি স্থানে ৩৭টি এআই ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরা ব্যবহারের পর উল্টো পথে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়েছে বলে দাবি পুলিশের। তবে পথচারীদের অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার এবং বাসের সড়ক দখল করে যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণে এখনও চ্যালেঞ্জ রয়েছে।
এই পরিস্থিতিতে রাজধানীর পুরো ট্রাফিক ব্যবস্থা আধুনিক প্রযুক্তির আওতায় আনতে ১ হাজার ৫০০-এর বেশি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে ডিএমপি।
তবে প্রযুক্তি ব্যবহারে কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছে পুলিশ। আনিসুর রহমান বলেন, বিদ্যুৎ বিভ্রাট বা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে অনেক সময় এআই ক্যামেরা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এসব সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পক্ষেও অবস্থান নিয়েছে ডিএমপি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে সংস্থাটি।




















