মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো একক আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার স্থায়ী সমাধান দিতে পারে না। বৈচিত্র্য, ভিন্নমত ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব, আর এর জন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আল-উম্মাহ ফাউন্ডেশন।
জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল যুগে বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন সময়ে জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে পরিচালিত বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনার একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য মানবসভ্যতার স্বাভাবিক বাস্তবতা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মতাদর্শ এককভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে না। তাই সভ্যতার কল্যাণে সব মত ও চিন্তার গবেষকদের মধ্যে সংলাপ ও সহযোগিতা প্রয়োজন।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার বৈচিত্র্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। তিনি বলেন, “প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করবেন এবং সুস্থ ধারার মতবিনিময় হবে—এটাই গণতান্ত্রিক সংস্কৃতির মূল ভিত্তি।”
চারটি ভাষা—বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কিতে জার্নাল প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে এবং ভুল বোঝাবুঝি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বখ্যাত তুর্কি লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে যুক্ত করার সময় এসেছে। তাঁর মতে, আল-উম্মাহ আন্তর্জাতিক পর্যায়ে গবেষক ও চিন্তাবিদদের সংযুক্ত করার কার্যকর একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক-ইন-চিফ মোহাম্মদ জাকির হোসেন।
পরে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনায় মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



















