৫ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পড়ে আছে অচল, ৩ বছরেও চালু হয়নি

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি তিন বছরেও চালু হয়নি। ২০২৪ সালে নির্মাণকাজ শেষ হলেও এখনো উদ্বোধন না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার মা ও শিশুরা।
স্থানীয়রা জানান, দ্রুতগতিতে ভবন নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে স্বাস্থ্য বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি কেন্দ্রটি। ফলে উপজেলার একমাত্র এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে প্রসূতি ও শিশু রোগীদের নিয়ে জেলা শহরসহ দূরের হাসপাতালে ছুটতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে, পাশাপাশি বাড়ছে ভোগান্তি।
ইসলামপুর উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুসমিতা দত্ত বলেন, “আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করেছে। একজন ভিজিটর কাজ করছেন। তবে ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দ্রুতই উদ্বোধন হবে বলে আশা করছি।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, “সিজারের প্রয়োজন হলে আমাদের জামালপুর জেলা শহরে নিতে হচ্ছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু থাকলে এই ভোগান্তি হতো না।”
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, “যদিও এটি আমাদের সরাসরি দায়িত্বের মধ্যে পড়ে না, তবে কেন্দ্রটি চালু হলে মা ও শিশুদের চিকিৎসাসেবার মান অনেক বৃদ্ধি পেত।”
স্থানীয়দের দাবি, যমুনা-ব্রহ্মপুত্রবেষ্টিত এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রটির কার্যক্রম শুরু করা প্রয়োজন। তাদের মতে, শিশু ও প্রসূতি চিকিৎসায় দেরি হলে তা জীবনঝুঁকির কারণ হতে পারে। তাই আর বিলম্ব না করে দ্রুত উদ্বোধনের মাধ্যমে সেবা চালুর দাবি জানিয়েছেন তারা।

















