মেসির বাড়িতে আছে ফুটবল মাঠ থেকে গাড়ির লিফট

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মাঠে জাদুকরি বাঁ পায়ের ছোঁয়ায় বিশ্ব মাতানো ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি-র জীবনযাপনও কম আকর্ষণীয় নয়। স্পেন, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র—এই তিন দেশে ছড়িয়ে রয়েছে তার একাধিক বিলাসবহুল বাড়ি, যেখানে আধুনিক সুযোগ-সুবিধার যেন কোনো কমতি নেই।
মেসির বেশিরভাগ বাড়িই নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সুরক্ষিত এলাকায় অবস্থিত। জলাশয়ের পাশে নিরিবিলি পরিবেশে তৈরি এসব বাড়িতে রয়েছে ব্যক্তিগত জিম, সুইমিং পুল, সিনেমা থিয়েটার, স্পা, এমনকি পরিবারের জন্য আলাদা ফুটবল খেলার জায়গাও।

বার্সেলোনার কাস্তেলদেফেলস এলাকায় ২০০৯ সালে প্রায় ১৯ কোটি টাকায় একটি বাড়ি কেনেন মেসি। বিশাল এই বাড়িতে রয়েছে জিম, স্পা, সিনেমা হল, সুইমিং পুল, বারবিকিউ করার জায়গা এবং সন্তানদের খেলাধুলার জন্য ছোট ফুটবল মাঠ। বাড়ির আশপাশের নিরিবিলি পরিবেশ ধরে রাখতে পাশের জমিও কিনে নিয়েছিলেন তিনি বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের মায়ামিতেও রয়েছে মেসির বিলাসবহুল আবাসন। ২০১৯ সালে প্রায় ৪৭ কোটি টাকায় তিনি একটি অভিজাত অ্যাপার্টমেন্ট কেনেন। ভবনটির বিশেষ আকর্ষণ হলো গাড়ি সরাসরি ফ্ল্যাট পর্যন্ত নেওয়ার জন্য রয়েছে আলাদা কাচের লিফট। অর্থাৎ গাড়ি থেকে না নেমেই নিজের বাসায় পৌঁছানোর ব্যবস্থা রয়েছে।
এরপর ২০২১ সালে মায়ামির ‘রেগালিয়া’ ভবনের পুরো একটি তলা কিনে নেন মেসি। চার বেডরুম, ছয়টি বাথরুম, বিশাল বারান্দা, ওয়াইন রুম, বিলাসবহুল বাথরুম, সুইমিং পুল ও স্পার মতো সুবিধা রয়েছে সেখানে।
আর্জেন্টিনার রোজারিও শহরে মেসি তৈরি করেছেন নিজের ভবিষ্যতের ঠিকানা। ‘দ্য ফোর্ট্রেস’ নামে পরিচিত এই বিশাল প্রাসাদে রয়েছে ১৫টি গাড়ি রাখার ভূগর্ভস্থ গ্যারেজ, সিনেমা হল ও আধুনিক জিম।
ছুটি কাটানোর জন্য স্পেনের ইবিজা দ্বীপেও রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি। এছাড়া সেখানে রয়েছে তার মালিকানাধীন হোটেল, যেখানে পরিবার নিয়ে সময় কাটান এই তারকা।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডায় আরও একটি বাড়ি কেনেন মেসি। প্রায় ১০০ কোটি টাকার এই বাড়িতে রয়েছে নিজস্ব ওয়াটারফ্রন্ট সুইমিং পুল, বিশাল জলাশয়, জিম ও স্পা সুবিধা।
ফুটবল মাঠে যেমন রেকর্ডের পর রেকর্ড গড়েছেন মেসি, তেমনি মাঠের বাইরেও গড়ে তুলেছেন বিলাসবহুল সম্পদের এক বিশাল সাম্রাজ্য।


















