নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র ইরানের
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। মাঠের বাইরের নানা বিতর্ক ও চাপের মধ্যেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার প্রতিনিধিরা।
সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ইরান। ম্যাচের ৭ মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলটির এমন শুরুর পর চাপে পড়ে ইরান।
২৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমি। তার শক্তিশালী শট গোলবারে লেগে ফিরে আসে। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৩২ মিনিটে ডিফেন্ডার রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান।
বিরতির পর আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এলিজা জাস্ট।
তবে লিড ধরে রাখতে পারেনি কিউইরা। ম্যাচের ৬৪ মিনিটে রেজাইয়ানের ক্রস থেকে দারুণ হেডে বল জালে পাঠিয়ে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি।
বাকি সময়ে উভয় দলই আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসা জটিলতা এবং মেক্সিকো থেকে বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় ছিল ইরান। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ ঘিরে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভও দেখা যায়। তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত হার এড়িয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে ইরান।



























