সান্তাহারে ইয়াবাসহ গ্রেপ্তার ‘মাদক সম্রাজ্ঞী’ শুটকি, কারাদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আলোচিত মাদক কারবারি রহিমা বেগম ওরফে ‘শুটকি’কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের চা-বাগান সংলগ্ন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুটকির বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তার রহিমা বেগম শুটকি (৫৮) সান্তাহার পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অতীতে এলাকাবাসী একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন এবং একসময় তাকে এলাকা ছাড়তেও বাধ্য করা হয়েছিল। তবে পরে অন্যত্র গিয়ে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, রহিমা বেগম শুটকির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শতাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সান্তাহার এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।




















