সরকারি কর্মকর্তা পরিচয়ে ভাতা দেওয়ার প্রলোভন, দুই প্রতারক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা পরিচয়ে উপবৃত্তি ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে দাইয়ান শহীদ দীপ সরকার (২১) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে শোহানুর রহমান শান্ত (২১)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সরকারি কর্মকর্তা পরিচয়ে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিকাশ-নগদ সংক্রান্ত বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল।
শুক্রবার (৫ জুন) দুপুরে গ্রেপ্তার দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এর আগে যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংগা গ্রামে প্রতারক চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে ছিল মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক। ওই অভিযানে কয়েকজন পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছিল।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রতারক চক্রটি বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















